সাতক্ষীরার কালিগঞ্জে স্বামীকে মামলা থেকে জামিন করানোর কথা বলে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রওশান আলী (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকায়।
অভিযুক্ত রওশান আলী কৃষ্ণনগর গ্রামের মৃত জিয়াদ আলী কাগুচীর ছেলে ও ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জমাত আলী গাজীর ছেলে কেরামত আলী একটি মামলায় কয়েক দিন পলাতক রয়েছেন। ওই সুযোগে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রওশান আলী পলাতক আসামি কেরামত আলীকে মামলা থেকে জামিন করানোর কথা বলে কেরামতের বাড়িতে যাতায়াত করত।
একপর্যায়ে কেরামত আলীর স্ত্রীকে কু-প্রস্তাব দিতে থাকে। গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ওই গৃহবধূর বাড়িতে কেউ না থাকার সুযোগে চেয়ারম্যান প্রার্থী রওশান আলী ঘরের মধ্য প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এসময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রওশান আলী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে গৃহবধূ কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে অভিযুক্ত রওশান আলীর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। সেজন্য আমার প্রতিপক্ষ আমার চাচাতো ভাইয়ের মেয়ে সাফিয়া পারভীন আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা নাটক সাজিয়েছে। কেরামত আলী সাফিয়া পারভীনের মোটর সাইকেলের ড্রাইভার।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি