রিমান্ড শেষে কারাগারে হেফাজতের নায়েবে আমির
২০১৩ সালে রাজধানীর পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরের রিমান্ডে শেষে কারাগারে আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালত এ আদেশ দেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে আসামি আবদুল কাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৫ এপ্রিল তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগের দিন গত ২৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
সম্প্রতি পল্টন থানায় নাশকতার মামলার অন্যতম আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার মামলারও অন্যতম আসামি।
বার্তাবাজার/নব