মামুনুলকে ঝর্ণার ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানো হবে

হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

ঝর্ণার ধর্ষণ মামলায় মামুনুল হককে গ্রেফতার দেখনো হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সকালে সোনারগাঁ থানায় আমরা একটা অভিযোগ পাই। দুই সন্তানের জননী জান্নাত বরা ঝর্ণা মামুনুল হকের বিরুদ্ধে একটি অভিযোগ আনেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯/১ ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে।

মামলা হওয়ার পর পুলিশের পক্ষ থেকে সে মামলা যেন সঠিক ভাবে তদন্ত করা হয় আমরা সে চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা ভিকটিমের মেডিকেল টেস্ট করিয়েছি। আমরা মামলার অন্যান্য কার্যক্রমও শুরু করেছি। বিশেষ করে ঘটনাস্থল পরিদর্শন, এভিডেন্স কালেকশন আমরা শুরু করেছি এবং তা প্রক্রিয়াধীন আছে। আমরা মামলাটি সর্বাধিক গুরুত্ব দিয়ে পরিচালনার চেষ্টা করবো। যেন ভিকটিম সঠিক সুবিচার পান।

তিনি আরও বলেন, মামলার কার্যক্রম পরিচালনার স্বার্থে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার তদন্তের স্বার্থে যা করণীয় তা করা হবে।

এর আগে সকালে তিনি মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার এজাহারে ঝর্ণা বলেছেন, বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক আমার সঙ্গে সম্পর্ক করেছেন। কিন্তু বিয়ের কথা বললে মামুনুল করছি, করব বলে সময়ক্ষেপণ করতে থাকেন। ২০১৮ সাল থেকে ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল, রিসোর্টে আমাকে নিয়ে যান।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর