করোনার হানা বিনোদন জগতে

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বড় ধাক্কা ভারতের বিনোদন জগতে। একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরা।

বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন টলিউডের ‘রানিমা’ দিতিপ্রিয়া রায় এবং আক্রান্ত হয়েছে তাঁর পরিবারও। বুধবার সকালেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। বোলপুরে সিনেমার শ্যুটিং করতে গিয়েছিলেন কৌশিক। ২৪ এপ্রিল কলকাতায় ফেরেন। আপাতত তিনি কোয়ারেন্টিনে রয়েছেন।

অন্যদিকে, বুধবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীরও। স্বাদ-গন্ধ চলে গিয়েছিল অভিনেতার। আপাতত সেই অনুভূতি ফিরলেও এখনও তিনি করোনা পজিটিভ। বলিউডেও অভিনেত্রী হিনা খান সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন মঙ্গলবার।

দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন বুধবার টুইটারে জানিয়েছেন তাঁর সংক্রমণের খবর। গত ২৫ এপ্রিল করোনা সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছিলেন বলিউড এবং দক্ষিণী ছবির অভিনেত্রী পুজা হেগড়েও। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাহিত্যিক বুদ্ধদেব গুহ।

টলিউডের চৈতি ঘোষাল, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিৎ, কৌশিক সেন-সহ অনেকেই সংক্রমিত হয়েছেন।

গত ১৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী তথা বিজেপির নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে জানান তিনি। যদিও রূপা বাড়িতেই আছেন। করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের আর এক অভিনেত্রী এবং বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র। সোমবার তিনি জানিয়েছিলেন বাড়িতে থেকেই চিকিৎসা চলছে তাঁর।

করোনা আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিধানসভা ভোটে টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

রবিবার টুইট করে বাবুল জানান, এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন তিনি। তবে এবার তাঁর স্ত্রীও সংক্রমিত হয়েছেন। আপাতত আসানসোলের এই সাংসদ সস্ত্রীক তাঁর আসানসোলের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। -আনন্দবাজার

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর