করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা ভারতের। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আবারও ভারতে সংক্রমণের রেকর্ড হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে এসব তথ্য উঠে এসেছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩ লাখ ৮৬ করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৪৯৮ জন।
এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জনে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৩৩০ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৬৫ জন।
ভারতে গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ৭৯ হাজারের বেশি এবং মারা গেছে ৩ হাজার ৬৪৫ জন। একদিনের ব্যবধানে আক্রান্ত বাড়লেও মৃত্যু কিছুটা কমেছে।
ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপর তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লি।
বার্তাবাজার/নব