সারাদেশে টানা দুই সপ্তাহ তীব্র গরম বয়ে যাচ্ছে। যদিও বুধবার রাতে দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হয়েছে। এদিকে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে কিছুটা কমতে পারে দেশের তাপমাত্রা।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, দেশের বিভিন্ন স্থান দিয়ে প্রথমবারের মতো কালবৈশাখী বয়ে গেছে। এর ফলে ধীরে ধীরে তাপমাত্রা কমে আসছে। ১ মে থেকে ৪ মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা কমে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে দেশে টানা বৃষ্টির সম্ভাবনা এখন নেই। আপাতত সামুদ্রিক ঘূর্ণিঝড়েরও আশঙ্কা নেই।
বার্তাবাজার/পি