কারাগারে হেফাজত নেতা হারুন

বন্দর নগরী চট্টগ্রামের লালখান বাজার মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার ভার্চুয়াল আদালত এ আদেশ দেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা কোর্ট পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির।

তিনি গণমাধ্যমকে বলেন, হাটহাজারী থানা পুলিশ হেফাজতে ইসলামের নেতা হারুন ইজহারকে তিন মামলায় গ্রেফতার করে আদালতে পাঠান। পরে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের খুলশি থানার লালখান বাজার মাদরাসা থেকে র‍্যাবের একটি দল তাকে আটক করে।

এ ব্যাপারে চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, গত ২৬ শে মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফরের বিরোধীতায় সারাদেশের সহিংসতার জের ধরে তারা চট্টগ্রামের হাটহাজারীতেও ব্যাপক তাণ্ডব চালায়। এসব কর্মকাণ্ডের ওপর গোয়েন্দা নজরদারি রাখে র‍্যাব।

এ ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীর পটিয়ায় হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে দশটি মামলা হয়। এতে প্রায় ৬ হাজার জনকে আসামি করা হয়। এ পর্যন্ত গ্রেপ্তার হন প্রায় ৪০ জন নেতা কর্মী।

 

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর