পরকীয়ার অপবাদে ভাই-বোনকে জুতার মালা দিয়ে ঘুরালো প্রভাবশালীরা (ভিডিওসহ)
মাদারীপুর সদর উপজেলার পরকীয়ার অভিযোগ এনে প্রকাশ্য দিবালোকে মনির মিয়া তার ধর্ম বোন খোদেজা বেগমে জুতাপেটা করেছেন প্রভাবশালীরা। এর পরে জুতার মালা গলায় দিয়ে পুরো এলাকা ঘুরিয়ে তাদের সমাজচ্যুত করারও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলাসহ সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। পরে এ ঘটনার প্রধান অভিযুক্ত কালু ফকিরসহ আরো তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় স্থানীয়রা জানান, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের ৪০ বছর বয়স্ক মনির মিয়া রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের ৫০ বছরের খোদেজা বেগম ধর্মীয় বোন বানয়েছিলেন। এর প্রেক্ষিতে বেশ কয়েকবার তার বাড়িতেও এসছিলেন মনির মিয়া।
গত ১৯ এপ্রিল সকালে মনির মিয়া খোদেজা বেগমের বাসায় বেড়াতে আসলে কালু ফকির, শাহীন ফকির, ইমরান ফকিরসহ ১০-১২ জন খোদেজা ও মনিরকে ঘর থেকে টেনে হিছড়ে বের করে আনেন।
এর পর তাদের বিরুদ্ধে কথিত পরকীয়ার অভিযোগ এনে খোদেজা ও মনিরকে রশি দিয়ে বেঁধে ফেলেন। বাড়ির উঠানে সালিশে বসিয়ে কালু ফকিরের হুকুম মতে খোদেজা ও মনিরকে ১০০ বার জুতাপেটা করা হয়। পরে জুতার মালা পরিয়ে তাদের পুরো এলাকা ঘুরানো হয়।
নির্যাতিতার স্বামী বলেন, মনির মিয়া আমার স্ত্রীকে বোন বানিয়েছেন। তিনি আরো ২-৩ বার আমার বাড়িতে এসেছেন। আমি এ ঘটনার কঠিন বিচার দাবি করছি।
ওই ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, মাতবররা যা করেছেন এটা অন্যায়। এটা দেশের প্রচলিত কোনো আইন নয়। এটাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
এ ঘটনায়, কালু ফকিরসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা হলে প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী বলেন, অভিযোগ অনুযায়ী আমরা পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছি। মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে মাতবররা। এর সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমনটাই দাবি এলাকার সুশীল সমাজের।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ই.এইচ.এম