মিয়ানমারে কারামুক্ত ৬ রোহিঙ্গার টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ
মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ৬ জন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। এসব রোহিঙ্গারা উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ও উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে মিয়ানমারের মংডু থেকে টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে বলে নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. তারিকুল ইসলাম।
অনুপ্রবেশকারী রোহিঙ্গারা হচ্ছে মো. আরিফ (২৪), মো:ইউনুছ (২৮), বশির আহম্মদ (২৫), সোনা আলী (৫৬), মোঃ সৈয়দ আলম (৪৭) ও মো. শওকত আলী (৩৭)। তারা মিয়ানমারের আকিয়াব জেলার মংডু গওজিবিল এলাকার বাসিন্দা।
এপিবিএন অধিনায়ক জানান, গেলো ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতা চলাকালে তারা গ্রেফতার হয়ে এতো দিন দেশটির জেল হাজতে আটক ছিলেন। সম্প্রতি তারা জেল হতে মুক্তি পেয়ে বৃহস্পতিবার মংডু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তারা বর্তমান ক্যাম্প-২২ (উনচিপ্রাং) এবং ক্যাম্প-২৬ (শালবাগান) এ অবস্থান করছে। বিষয়টি ক্যাম্পের মাঝিরা অবগত আছেন এবং বিষয়টি স্ব-স্ব ক্যাম্প ইনচার্জ (সিআইসি)কে অবগত করা হয়েছে। তাদের গতিবিধিতে গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে গত ২৭ এপ্রিল কবির আহমদ ও পেডান নামে অপর দুই রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছিল। এনিয়ে গত কয়েকদিনে মোট ১১ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে বলে জানাগেছে।
বার্তাবাজার/ভিএস