বান্দরবানের লামা পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেন পৌর মেয়র মো. জহিরুল ইসলাম। বৃহস্পতিকবার (২৯ এপ্রিল’২১) পৌরসভার পক্ষে দুপুর ২টা থেকে বান্দরবান রেডক্রিসেন্ট লামা ইউনিটের সহযোগিতায় বিনামূল্যে লামা বাজার ও আশপাশের এলাকায় পানি সংকটে থাকা বাসিন্দাদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়।
পৌর মেয়রের পক্ষ থেকে জানানো হয়, শুষ্ক মৌসুমে পাহাড়ি গ্রামে ঝিরি, ঝরনা, কুয়োর পানি শুকিয়ে যাওয়ায় তীব্র পানির সংকটে থাকে। তাই লামা পৌরসভার পক্ষে আজ থেকে ডাম্পার ট্রাক ব্যবহার করে বিশুদ্ধ খাবার পানি বিনামূল্যে সরবরাহের কাজ শুরু করা হবে। এবং এই কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে বলে জানান তিনি।
এ বিষয়ে পৌর মেয়র পৌর বাসির আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, শুধুমাত্র যাদের খাবার পানি প্রয়োজন শুধু মাত্র তারাই রাস্তার পাশে কলসি নিয়ে আসবেন।
সরেজমিনে দেখা যায়, পৌর শহরের বিভিন্ন বয়সী নারী পুরুষ কলস, বালতি ও বোতলে করে পানি সরবরাহ করছে। পৌর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, তারা অনেকই ঝিরি, ঝরনা, কুয়োর পানি ব্যবহার করলেও সুপেয় পানির জন্য প্রতিনিয়ত তাদের যুদ্ধ করতে হয়। এই অবস্থায় রমজান মাসে পানির এই বিশেষ ব্যবস্থার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারা।
অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী ও পানি সংকটে থাকা ভুক্তভোগীরা জানান, শুধু রোজার একমাস নয়, পানীয় জলের সংকট কবলিত এলাকায় মানুষের জন্য বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা করা প্রয়োজন।
এম. মিজানুর রহমান/বার্তাবাজার/ভিএস