মানিকগঞ্জের সিংগাইরে সড়কে সিমেন্টের খুঁটি ফেলে গণডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও লুণ্ঠিত একটি মিশুক গাড়িসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন পদ্মছড়া গ্রামের মোঃ বেল্লাল মিয়ার ছেলে মোঃ শাকিল(২৪) একই উপজেলার বানিয়াল পালশা গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে জুয়েল ইসলাম(২২), ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন নেপা ঘোষপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ লিটন ওরফে মামুন(৪৪) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন গণকপাড়া গ্রামের মাঈনুদ্দীনের ছেলে মোঃ সাইফুল (২৬)। তারা সবাই ঢাকার আশুলিয়া এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় থাকতো।
প্রসঙ্গত- ২০ এপ্রিল রাত ১২ টার পর থেকে ভোররাত পর্যন্ত সিংগাইর থানাধীন দক্ষিণ ধল্লার জনৈক শাহীনের চায়ের দোকানের সামনে ফোর্ডনগর হইতে ধল্লা ব্রীজগামী পাঁকা রাস্তার উপরে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা নৌকা ও মোটা লোহার পাইপ ফেলে রাস্তায় ব্যারিকেড দিয়ে বিভিন্ন গাড়ি থামিয়ে ড্রাইভারদের অস্ত্রের ভয় দেখিয়ে ৪টি মোবাইল সেট, ১টি মিশুক গাড়ী, একটি পিকআপ গাড়ী, বিকাশের টাকা ও নগদ টাকাসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, ডাকাতির পরে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আঃ রহিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে মোঃ শাকিল, জুয়েল ইসলাম ও মোঃ লিটন ওরফে মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। অপর ডাকাত মোঃ সাইফুলকে ৭(সাত) দিনের পুলিশ রিমান্ডে পাওয়ার আবেদন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপর ডাকাতদের গ্রেফতার সহ লুন্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
মিলন মাহমুদ/বার্তাবাজার/ভিএস