টাঙ্গাইলে ছিন্নমূলের পাশে ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’
টাঙ্গাইলে ছিন্নমূল, অসহায়, পথচারীদের প্রতিদিন ইফতার করান শিশুদের জন্য ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রতিদিনের মতো আজকেও ইফতারের আগ মুহূর্তে শহর ঘুরে ঘুরে ছিন্নমূল,অসহায়, পথচারীদের শিশুদের জন্য ফাউন্ডেশনের সদস্যরা রান্না করে তাদের কাছে ইফতার পৌঁছে দেন। ইফতার পেয়ে খুশি তারা।
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মঈদ হাসান তড়িৎ জানান, গত ৭ বছর ধরে টাঙ্গাইল ছাড়াও দেশের আরও ১১ জেলায় প্রায় পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে বিভিন্ন মানবিক কাজে অংশ নিয়ে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় নিজেরা রান্না করে টাঙ্গাইলের রাস্তায় ছিন্নমূল অসহায় ও দরিদ্র মানুষকে খুঁজে খুঁজে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ১১টি জেলায় প্রায় ৯ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তিনি জানান, ‘লকডাউন উঠে গেলে মার্কাস ও এতিমখানায় ইফতারের আয়োজন করা হবে। এ ছাড়াও ঈদের আগের দিন ছিন্নমূল মানুষের বাড়িতে বাড়িতে চাল, ডাল, সেমাই, মাংস, দুধ চিনিসহ ঈদ বাজার পৌঁছে দেওয়া হয়। এ বছরও দেওয়া হবে। ছিন্নমূল শিশুদের জন্য ঈদের নতুন পোশাক দেওয়া হয়। এ বছর প্রায় এক হাজার শিশুকে ঈদের নতুন পোশাক দেওয়া হবে। সবার সহযোগিতায় আগামী বছরগুলোতেও এমন আয়োজন করা হবে। এমন কাজে সামর্থ অনুযায়ী সবার সহায়তায় এই মানুষগুলির পাশে দাঁড়াতে আহ্বান জানাই।’
উল্লেখ্য, ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এখানকার সদস্যরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস