করোনা সংক্রমণের উর্ধ্বগতির কারণে চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এছাড়া এ সংগঠন থেকে সরকারের কাছে শ্রমিকদের ঈদের বেতন-ভাতা পরিশোধে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা চেয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর গাবতলীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।
জাতীয় অর্থনীতি গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবহন খাত উল্লেখ করে সংগঠনটির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ যাত্রী সড়ক পথে যাতায়াত করেন। আর এই পরিবহন খাতে নিয়োজিত আছেন ৩০ লাখের অধিক শ্রমিক। কিন্তু চলমান করোনা সংকটের কারণে দীর্ঘদিন ধরে গণপরিবহন বন্ধ রেখেছে সরকার। এতে মানবতার জীবন-যাপন করছেন পরিবহন শ্রমিকরা। তাই সরকারের কাছে আবেদন স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করে দিতে হবে।
এছাড়া গণপরিবহন ব্যবসায় বিনিয়োগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেয়া এক শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে হালনাগাদ করার সুযোগ অব্যাহত রাখার দাবি জানান তিনি।
করোনার উর্ধ্বগতি রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে সরকার আরোপিত ১৩টি নির্দেশনা দেয়া হয় । পরে ৭দিন করে দু-দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আগামী ৫ মে (বুধবার) মধ্যরাতে।
বার্তাবাজার/ই.এইচ.এম