পরকীয়ার অভিযোগে প্রকাশ্যে ‘ভাই-বোনকে’ জুতাপেটা প্রভাবশালীরা

মাদারীপুরের রাজৈরে পরকীয়ার অভিযোগ এনে প্রকাশ্যে ভাইবোনকে জুতাপেটা করেছেন স্থানীয় প্রভাবশালীরা। পরে জুতার মালা গলায় দিয়ে সারা এলাকা ঘুরিয়ে তাদের সমাজচ্যুত করারও অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে, জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত কালু ফকিরসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের ৪০ বছর বয়স্ক মনির মিয়া রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের ৫০ বছরের খোদেজা বেগম ধর্মীয়ভাবে আত্মীয়। গত ১৯ এপ্রিল সকালে মনির খোদেজা বেগমের বাসায় বেড়াতে আসলে কালু ফকির, ইমরান ফকির, শাহীন ফকিরসহ ১২ থেকে ১৫ জন খোদেজা ও মনিরকে ঘর থেকে টেনে বের করে আনেন। কথিত পরকীয়ার অভিযোগ এনে খোদেজা ও মনিরকে রশি দিয়ে বেঁধে ফেলেন তারা। বাড়ির উঠানে বসা সালিশে কালু ফকিরের নেতৃত্বে খোদেজা ও মনিরকে ১০০ বার জুতাপেটা করা হয়। পরে তাদের জুতার মালা পরিয়ে পুরো এলাকা ঘোরানো হয়।

নির্যাতিতার স্বামী বলেন, মনির মিয়া আমার বাড়িতে আরও ২-৩ বার এসেছে। ওই লোক আমার স্ত্রীকে বোন বানিয়েছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।

বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, এটা অন্যায়। এটা এ দেশে প্রচলিত না। এটাকে বিচারের আওতায় আনা উচিত।

এ ঘটনায় কালু ফকিরসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা হলে প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছি। মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

গ্রেফতারকৃতরা জামিনে বেরিয়ে নির্যাতিতার পরিবারকে হুমকি দেয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর