রিমান্ডে ঢাবি ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি আকরাম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল এই আদেশ দেন।

জানা যায়, বুধবার দিনগত রাত ১টার দিকে আকরামকে বিমানবন্দর এলাকা থেকে সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে যায় বলে দাবি করে ছাত্র অধিকার পরিষদ। বৃহস্পতিবার তাকে গ্রেফতারের বিষয়টি জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে আদালতে হাজির করে দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক সাইফুল ইসলাম খান সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আসামি পক্ষে শুনানি করে অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন, খাদেমুল ইসলামসহ কয়েকজন আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৫ মার্চ মতিঝিল এলাকায় ছাত্র ও যুব অধিকার পরিষদ একটি মিছিল বের করে। সেই মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

আটক ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজে পুলিশ চিকিৎসা দিতে নিয়ে গেলে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা তাকে জোরপূর্বক পুলিশের কাছ থেকে নিয়ে যায়।এ ঘটনায় একইদিনে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন পল্টন মডেল থানার এসআই রায়হান করিব।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর