এখন সরকার পা ধরে বেড়াচ্ছে: ডা. জাফরুল্লাহ

বছরখানেক আগে চীনের করোনার ভ্যাকসিনের ট্রায়ালের জন্য সরকারকে বলার পরেও শুনেনি, এখন ট্রায়ালের জন্য চীনের পা ধরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবার উদ্বোধণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, আমি যখন বলেছিলাম, চীনকে ট্রায়াল করতে দাও কথা শুনে না; এখন তো পা ধরে বেড়াচ্ছে সরকার। এর পায়ে একবার ধরে ওর পায়ে একবার ধরে। তারা যখন আসছিল তখন কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এখানে সরকারের ইচ্ছার বড় অভাব আছে। সরকার গুরুত্বপূর্ণ জায়গায় এমন কিছু ব্যক্তিকে বসিয়েছে তারা কখন কী বলে তার কোনো ঠিক থাকে না।

অক্সিজেনের অভাবে দেশে মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, একটা ছোট আকারের অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে ৩০ কোটি টাকার মতো প্রয়োজন। সরকারের পক্ষ থেকে এই অর্থ খরচ করা কোনো বিষয় না। হাসপাতালগুলোকে এই অর্থ অনুদান হিসেবে দিলে তারা নিজেরাই প্রয়োজন অনুযায়ী অক্সিজেন উৎপাদন করে নিতে পারে। এক বছর ধরে এই কথাগুলো সরকারকে বলেও কিছু হলো না।

গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ সেবা সম্পর্কে জানানো হয়, রাজধানীতে করোনায় আক্রান্ত রোগীদের বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেবে গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিড-১৯ চিকিৎসক দল। করোনা রোগীর বাসা থেকে ফোন করলেই হাসপাতাল সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সসহ সেখানে চলে যাবেন গণস্বাস্থ্যের চিকিৎসক দল। এজন্য গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসাসেবা পেতে ০১৭০৯-৬৬৩৯৯৪ ও ০৯৬০২১১১৯৪০ এই দুটি নম্বরে ফোন করতে হবে।

এছাড়াও সিওডিসিরেড এসওএস (CodcRed SOS) অ্যাপসের মাধ্যমেও এই সুবিধা পাওয়া যাবে। আজ থেকেই ঢাকার ভেতরে এই সেবা দেওয়া হবে। প্রথমে এই সেবা দেওয়ার জন্যে ঢাকার ধানমন্ডি, কলাবাগান, পুরান ঢাকা ও মিরপুর এলাকাকে নির্বাচন করা হয়েছে। আপাতত সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সেবা দেয়া হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর