আমরা স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেইনি,অবহেলা করেছি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিইনি, অবহেলা করেছি। করোনা মহামারিতে আমরা কতটা অসহায়, সেটা দেখেছি। শুধু আমরাই নই, পৃথিবীর কোনো দেশই স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেয়নি।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিএসএমএমইউয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য আমাদের আরও বেশি এগিয়ে আসা দরকার। করোনা মহামারি শিখিয়ে দিয়ে যাচ্ছে, স্বাস্থ্যসেবায় বিপর্যয় ঘটলে সব উন্নয়ন থেমে যায়, শান্তি বিনষ্ট হয় এবং সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়।
তিনি বলেন, দেশের মোট জিডিপির দশমিক ৯ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করি। বিশ্বের অনেক দেশে জিডিপির ৩, ৪ এমনকি ১০ শতাংশ ব্যয় করে। স্বাস্থ্য খাতের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়।
জাহিদ মালেক বলেন, আমরা অত্যন্ত দক্ষতার সাথে করোনার প্রথম ঢেউ সামলে নিয়েছিলাম। করোনার দ্বিতীয় ঢেউয়ের ব্যাপারে আমরা সচেতন না হলে সামনে আবার করোনার তৃতীয় ঢেউ চলে আসতে পারে।
তিনি আরও বলেন, করোনার তৃতীয় ঢেউ আসলে অবস্থা আরও ভয়াবহ রূপ নিতে পারে। এ কারণে করোনার হাত থেকে রক্ষা পেতে চাইলে দেশের প্রতিটি মানুষকে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বার্তাবাজার/নব