ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে ত্রাণ বিতরণ কর্মসূচিতে লুটপাটের ঘটনা ঘটেছে। দলের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ মো. আজাহারের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে যাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল তাদের অনেকেই পায়নি ত্রাণ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এসময় দৌড়ঝাঁপ করে যে যার মত নিয়ে যায় সকল জিনিস।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ গ্রহণ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ওই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সুবিধাবঞ্চিত শিশুদের বসিয়ে রাখা হয়। আয়োজনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৩০ জন নেতা উপস্থিত ছিলেন।
এদিকে, করোনার ঝূঁকি ও প্রচণ্ড গরমের মধ্যে সুবিধাবঞ্চিত শিশুদের দীর্ঘ আড়াই ঘণ্টা বসিয়ে রেখে আড়াই ঘন্টা ধরে চলে নেতাকর্মীদের বক্তব্য প্রদান। এরপর শুরু হয় বিতরণ কার্যক্রম। কিন্তু ঘটে উল্টো ঘটনা। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় সভাস্থলে।
এ সময় দেখা যায়, ঈদ উপহার বিতরণের জন্য যে সকল সুবিধাবঞ্চিত শিশুদের বসিয়ে রাখা হয়েছিল, তারা উপহার সামগ্রী পায়নি। উপহার সামগ্রী বিতরণ শুরু হলে আশপাশে থাকা রিকশাচালক, ছিন্নমূল ও পথচারীরা এসে বিশৃঙ্খলা তৈরি করে।
যার ফলে সুষ্ঠু বন্টনে ব্যর্থ হন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা। দীর্ঘ দুই ঘণ্টা অপেক্ষার পরও ঈদের উপহার সামগ্রী থেকে বঞ্চিত হন সুবিধাবঞ্চিত শিশুরা।
এ সম্পর্কে মো. আজহার বলেন, করোনা পরিস্থিীর কারণে একটু খোলা জায়গায় আমরা প্রোগ্রামটা করেছি। কিন্তু ত্রাণ নিতে আসা কিছু নেশাগ্রস্থ পুরুষ-মহিলা এই ঘটনা ঘটিয়েছে। আমার তাদের বলেছি যে, যত ত্রাণ-উপহার আছে তা সবার মাঝে দেওয়া যাবে। কিন্তু তারা সেটি না শুনে ঝাঁপিয়ে পড়েছে। শেষে আমরা ওই স্থান থেকে চলে এসেছি।
বার্তা বাজার/এসজে