যুবলীগ নেতার ওপর কিশোর গ্যাংয়ের হামলা

পটুয়াখালীর দশমিনা উপজেলার চর বোরহান ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের সাধারণ সম্পাদকের ওপর স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়েছে। হামলায় আওয়ামী লীগ ও যুবলীগ সাধারণ সম্পাদকসহ তিন জনকে গুরুতর আহত অবস্থায় দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে চর বোরহানের বাসিন্দা আশ্রাফ সন্নামতের ছেলে কিশোর গ্যাং লিডার রাসেদ (১৯) এর নেতৃত্বে ৮/১০ জনের দল ক্রিকেটের ষ্টাম্প ও রিকসার চেইন দিয়ে পিটিয়ে চর বোরহান ইউনিয়ন আওয়ামী লীগের দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খলিফা, যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার ও যুবলীগ কর্মী কাজল হাওলাদারকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।

আহতদের ডাক চিৎকারে স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে ওই দিন রাত ১১ টায় গুরুতর আহত অবস্থায় দশমিনা হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয় ইউপি মেম্বার নাসির উদ্দিন জানান, এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালানোয় বুধবার দুপুরে রাসেদ ও তার দলের কয়েকজন কিশোরকে শাসন করেন ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগ সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দলবলসহ বুধবার রাত ৮টার সময় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের ওপর হামলা চালানো হয়।

চর বোরহানের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজির আহমেদ সরদার জানান, ঘটনা শুনে ছেলেগুলোকে নিষেধ করেছি কোন গন্ডগোল না করার জন্য কিন্তু ওরা আমার কথা শোনেনি। এ ঘটনায় আহত যুবলীগ কর্মী কাজল হাওলাদার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দশমিনা থানায় লিখিত অভিযোগ করেছেন।

দশমিনা থানার আফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাফায়েত হোসেন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর