আনভীরের আগাম জামিন শুনানি না হওয়ার কারণ

গুলশানে কলেজছাত্রী মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের আগামা জামিন শুনানি হয়নি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হাইকোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হুমায়ুন আদালতের কার্যক্রম শুরুতেই আগাম জামিনের বিষয়টি উল্লেখ করেন। তবে এখতিয়ার না থাকা সত্ত্বেও কার্যতালিকায় থাকা এই আগাম জামিন আবেদনের মামলা ডিলিট করে দেওয়া হবে বলে মন্তব্য করেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ।

আইনজীবীরা জানান, আদালতকে এখতিয়ার না দেওয়া পর্যন্ত হাইকোর্টে কোনো আগাম জামিন আবেদনের শুনানি করা সম্ভব নয়।

আদালত বলছেন, করোনা পরিস্থিতি ও লকডাউন চলা অবস্থায় আগাম জামিনের আবেদন শুনবো না। যেগুলো কজলিস্টে আগাম জামিনের শুনানির জন্য রাখা হয়েছিলো সেটা অনভিপ্রেত। সেগুলো ডিলিট করে দেওয়া হবে। শুধুমাত্র ৪৯৮ ধারার (ফৌজদারি কার্যবিধির) আবেদন শুনবো। পেন্ডিং আপিলের জামিন আবেদন শুনবো না।

এর আগে বুধবার (২৮ এপ্রিল) হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন সায়েম সোবহান আনভীর। মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় ১৪ নম্বর ক্রমিকে রাখা হয়েছিলো। জামিন আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আব্দুল বাসেত মজুমদারের শুনানি করার কথা ছিলো।

উল্লেখ্য, গত সোমবার (২৬ এপ্রিল) গুলশানের একটি বাসা থেকে কলেজছাত্রী মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের নামে একটি মামলা দায়ের করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর