বয়স্ক ভাতার কার্ড চাওয়ায় বৃদ্ধকে পেটালেন ইউপি সদস্য

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নে ইসলাম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্যর বিরুদ্ধে।

বুধবার (২৮ এপ্রিল) রাতে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন ইউপি ভবনের সামনে এক দোকানে বলছিলেন আমি একজন গরীব মানুষ অথচ সরকারি কোন সাহায্য পাইনা। একটা বয়স্ক ভাতার কার্ডও পেলাম না। সরকার তো অনেক কিছুই দিচ্ছে। আর মেম্বারের কাছে গেলে বলেন কিছুই আসেনি কোথায় থেকে দিবো। এ কথা শুনে গ্রাম পুলিশ বলাই চন্দ্র মুঠোফোনে ইউপি সদস্য বিশ্বনাথকে এসব কথা বললে মেম্বার এসে বৃদ্ধ ইসলাম উদ্দিনকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে বৃদ্ধ ইসলাম মাটিতে পড়ে গেলে তার ছেলে মোস্তাফা এগিয়ে আসলে চকিদার ও মেম্বারের বাহিনী মান্নান তাকেও মারধর করে। পরে স্থানীয়রা বৃদ্ধ ইসলাম উদ্দীন ও তার ছেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

নাম না প্রকাশের অনইচ্ছুক এক ব্যক্তি বলেন, বাবার বয়সী ইসলাম উদ্দিন দোকানে বসে নিজের কষ্টের কথা বলছিলেন এমন সময় মেম্বার বিশ্বনাথসহ তার দলবল এসে তাকে চড় থাপ্পর মারতে শুরু করে। আমরা এগিয়ে আসলে মেম্বারের সাথে থাকা মান্নান আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করে বলেন যে বাচতে চাইলে কেউ আসবিনা।

ভুক্তভোগী ইসলাম উদ্দিন জানান, মুই দোকানত বসে খালী করিনু মেম্বারটা কি হামাক কিছু দিবেনি। সরকার এতো কিছু দেছে আর মেম্বার টা কহেছে কিছুই নাই। ইলা কথা শুনে চকিদার বলাই মেম্বারটাক ফোন করে ডাকে সাথে সাথে মেম্বার এসে মোক চড় কিল ঘুষি মারতে মারতে মাটিতে ফেলায় দেয়। মোর ছুয়াডা আগায় আসলে তাকেও চকিদার আর মান্নান মারে। আল্লাহই মেম্বারের বিচার করিবে।

ইউপি সদস্য বিশ্বনাথ বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে জানতে পারি ইসলাম উদ্দিন আমাকে ও চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালাগালি করছে। বিষয়টা চেয়ারম্যানকে আমি অবহিত করলে, তিনি আমাকে নির্দেশ দেন ইসলাম উদ্দিনকে কয়েকটা চড় থাপ্পর দেওয়ার জন্য।

অন্যদিকে ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন জানান, বৃদ্ধকে মারপিটের ব্যাপারে আমি কিছুই জানিনা।

রুহিয়া থানার ওসি চিত্ররঞ্জন কুমার রায় বলেন, ইউপি সদস্য এক বৃদ্ধকে মারধর করেছেন এটা শুনেছি। স্থানীয়ভাবে তাদের বসার কথা রয়েছে।

এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর