বান্দরবান লামা উপজেলায় শ্রমিকবাহী একটি মিনি ট্রাক উল্টে পাহাড়ের খাদে পড়ে গেলে ১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল’২১) রূপসীপাড়া হতে শিলেরতুয়া সড়কের ড্রেনের কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শ্রমিকবাহী মিনি ট্রাকে ২৫ জন শ্রমিক ও রাস্তার কাজের মালামাল নেয়া হচ্ছিল। উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া রূপসীপাড়া সড়কের হাতিরঝিরি মুখের কুটুবাড়ি এলাকায় পাহাড় উঠার সময় মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এসময় আহত হয় ১৩ জন। তার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত শ্রমিকরা হলো, নবীর হোসেন (১৩) মো. মনির (১৭) মো. আলমগীর (২৩) মো. রেজাউল হক (৫৩) মো. জিয়াবুল (২২) মো. আরিফুল ইসলাম (২০) মো. সাকিব (১৮) মো. রাসেল (২৩). সায়েম (১৫) মো. সাগর (১৯) শহীদুল ইসলাম সজিব (১৮) মো. আরাফাতুল ইসলাম (১৯) মো নেজামুল করিম (১৬) আহতরা চকরিয়া উপজেলার বাসিন্দা। গুরুতর আহত হলো, নবীর হোসেন, মো. মনির ও মো. আলমগীর।
লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মোহাম্মদ জানান, আহত ১৩জনকে লামা হাসপাতালে আনা হলে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের লামা হাসপাতালে ভর্তি দেয়া হলেও তাদের বাড়ি চকরিয়া উপজেলায় হওয়ায় তারা চকরিয়া চলে গেছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে লামা হাসপাতালে আসেন লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম।
এম. মিজানুর রহমান/বার্তাবাজার/পি