বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (২৮ এপ্রিল) বিকেলে রিজভীর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।
তিনি জানান, আরজুমান আরা বেগম স্কয়ার হাসপাতালে ডাক্তার মাহবুব মনসুরের অধীনে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তার এনজিওগ্রাম করার কথা রয়েছে।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন রুহুল কবির রিজভী। অসুস্থ স্বামীর পাশে থেকে দিনরাত সেবা দিয়ে যাচ্ছিলেন আরজুমান আরা।
বুধবার হাসপাতালে থাকাকালীন তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
অন্যদিকে প্রায় দেড়মাস পর করোনামুক্ত হয়েছেন রিজভী। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শিগগিরই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
বার্তাবাজার/নব