বন্দরে অয়েল ট্যাংকারে আগুন, নিহত ২

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ৯ নম্বর জেটির বিপরীত পাশে ‘এমটি ইরাবতী ১’ নামের অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ১ জন টেন্ডল ও ১ জন লস্কর মারা গেছেন।

এ সময় জাহাজের শ্রমিক আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেন (৩৪) দগ্ধ হন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নদীতে অপেক্ষমাণ ক্রুড অয়েল ট্যাংকারে সকালে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সকাল পৌনে ৯টার দিকে আহত অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন। আহত ব্যক্তিদের মধ্যে মনির হোসেনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও আবু সুফিয়ান এবং সাহাবুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সুমন শাহ/বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর