পায়ের চিহ্ন দেখে খুনিকে গ্রেফতার করলো পিবিআই

দীর্ঘ ৪ বছর পরে মোসলেম উদ্দীন (৭৫) খুনের রহস্য উদঘাটন করেছে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। খুনে জড়িত থাকার অভিযোগে আকরাম হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আকরাম হোসেন ত্রিশাল উপজেলার অলহরি বাদামিয়া গ্রামের বাসিন্দা।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে আদালতে নেয়া হলে আকরাম হোসেন মোসলেম উদ্দিনকে হত্যার কথা স্বীকার করে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) ত্রিশালের অলহরি বাদামিয়া গ্রাম থেকে আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ত্রিশালের অলহরি বাদামিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী ছফির উদ্দিন বাদামিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মনোহরি দোকান করতেন। তিনি সারাদিন দোকানে ক্রয়-বিক্রয় করে রাতে বাসায় থাকলেও তার বাবা মোসলেম উদ্দিন রাতে দোকানে থাকতেন।

তিনি আরও বলেন, বাদামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে উচ্চবিদ্যালয় নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের বিরোধ হয়। একপক্ষকে ফাঁসাতে ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর মধ্যরাতে আকরাম হোসেন চৌধুরী তার সহযোগীদের নিয়ে বিড়ি কেনার অজুহাতে মোসলেম উদ্দিনের দোকানে প্রবেশ করেন। দোকানে ঢুকে মেঝেতে থাকা ইট দিয়ে মোসলেম উদ্দিনের মাথায় আঘাত করেন এবং ছুরি দিয়ে মোসলেম উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন।

পরে ওই বছরের ৭ সেপ্টেম্বর ত্রিশাল থানায় হত্যা মামলার পর পুলিশ সদর দফতরের নির্দেশে ওই বছরের ১৪ ডিসেম্বর ময়মনসিংহ পিবিআই মামলার তদন্ত শুরু করে।

দীর্ঘ তদন্তের একপর্যায়ে ঘটনাস্থলে পাওয়া পায়ের চিহ্ন ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আকরাম হোসেনকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর