ভোট বেশি জরুরি, না মানুষের জীবন?

ভোট বেশি জরুরি, না মানুষের জীবন?

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) কলকাতার ৭টি আসনের ভোটের আগে কলকাতার মানুষের মুখে মুখে এই প্রশ্ন। কারণ, ভোটের ধাক্কায় উত্তর কলকাতায় বুধবার থেকে দু’দিন বন্ধ ৩৬টি ভ্যাকসিন সেন্টার। একইভাবে প্রায় সমসংখ্যক করোনা টেস্টিং সেন্টারও বন্ধ রাখতে প্রায় বাধ্য হচ্ছে কলকাতা পৌরসভা।

হয় ভোটগ্রহণ কেন্দ্র, নয়তো পোলিং সেন্টারের ১০০ মিটারের মধ্যে থাকায় ওই ভ্যাকসিন সেন্টারগুলো বন্ধ রাখা হচ্ছে বলে মঙ্গলবার জানালেন কলকাতা পৌরসভার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত রায় চৌধুরী। এদিকে সঙ্কট টেস্ট কিটেও। যা উদ্বেগ বাড়াচ্ছে শহরবাসীর। এমন সময়ে চার দিক থেকে আসছে মৃত্যুর খবর।

‘এই পরিস্থিতিতে ভাবা যায় না ভোটের জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে’ বললেন মুনমুন পুরোহিত লাহিড়ী, যিনি বুধবার দ্বিতীয় দিন ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করেও পাননি।

উনার মতে ভোটের জন্য একসঙ্গে এতগুলো টিকাদান কেন্দ্র দুদিন বন্ধ থাকায় করোনা মোকাবেলায় কলকাতার প্রতিরোধ অনেকখানি ধাক্কা খাবে। পাশাপাশি কভিড শনাক্তকরণও টানা দু’দিন শহরের উত্তরে অনেকখানি ক্ষতিগ্রস্ত হবে বলে স্বীকার করেছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল দক্ষিণ কলকাতার চার কেন্দ্রে ভোটের জন্য ২২টি ভ্যাকসিন সেন্টার এবং লালারস সংগ্রহ কেন্দ্র বন্ধ ছিল। তারপর দক্ষিণ কলকাতায় কভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। এবার তা আসতে চলেছে উত্তর কলকাতায়, চিন্তিত কলকাতাবাসী।

ভোটগ্রহণ কেন্দ্র চালুর জেরে ধর্মতলায় পৌরসভার প্রধান দপ্তরের বড় টিকাদান কেন্দ্রটিও আজ থেকে বন্ধ থাকবে। স্বভাবতই এই কেন্দ্রে এতদিন ধরে পৌর কর্মচারী ও সরকারি কর্মীদের যে টিকাদান চলছিল তা দু’দিন বন্ধ থাকবে। শুধু তাই নয়, পোলিং সেন্টার তৈরি হওয়ায় বাগবাজারের সেন্ট্রাল স্টোর থেকে ভ্যাকসিন সরবরাহ বন্ধ রাখতে হবে।

যদিও স্বাস্থ্য কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, আগে থেকে অন্যত্র ফ্রিজারে সংরক্ষণ করা হবে। শহরের যে সেন্টারগুলো চালু থাকবে সেগুলিতে নির্দিষ্ট সময়ে টিকা পৌঁছে দেওয়া হবে। এদিকে ভ্যাকসিনের পাশাপাশি সঙ্কট দেখা দিয়েছে টেস্ট কিটেরও।

এদিকে সারা শহর জুড়ে এক ভয়ের ছায়া। বেড়েই চলেছে মৃত্যুর হার। হাসপাতালের বেড খালি নেই, অক্সিজেন নেই। কোনো রকম উপসর্গ দেখা দিলে আতঙ্কিত মানুষ আর ঘরে বসে থাকতে রাজি নয় আর ভিড় জমাচ্ছেন হাসপাতলে। ক্রমশ ভয়াবহ হচ্ছে রাজ্যের করোনা (Covid-19) পরিস্থিতি। প্রতিদিনই রেকর্ড গড়ছে সংক্রমণ। অতীত রেকর্ড ভেঙে দিয়েছে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা। বুধবার করোনা প্রাণ কাড়ল রাজ্যের ৭৩ জনের। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৬ হাজার মানুষ।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর