প্রথমবারের মত ১৯৬৯ সালে চাঁদের বুকে মানুষের পদচিহ্ন পড়েছিল। নাসার সেই অভিযানের নাম ছিল অ্যাপোলো-১১। চন্দ্র জয়ের ৫২ বছর পর সেই দলের অন্যতম সদস্য মাইকেল কলিন্স পৃথিবীর মায়া ত্যাগ করলেন।
মাইকেল কলিন্সের পরিবারের বরাতে বার্তা সংস্থা এএফপি তাদের খবরে বলে, ক্যানসারের সঙ্গে লড়ে শেষ পর্যন্ত বুধবার (২৮ এপ্রিল) হেরে গেছেন এই মহাকাশচারী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
মাইকেল কলিন্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তার পরিবার বলেন, ‘মাইক সব সময়ই নম্রতা আর কমনীয়তার সঙ্গে জীবনের চ্যালেঞ্জগুলো গ্রহণ করেছেন। তিনি একইভাবে তাঁর জীবনের শেষ চ্যালেঞ্জটিও গ্রহণ করেছেন।’
১৯৬৯ সালের ১৬ জুলাই ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মনুষ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় নাসার অ্যাপোলো-১১ অভিযানের চূড়ান্ত পর্ব। ২০ জুলাই চাঁদের বুকে পা রেখে ইতিহাস গড়েন এই অভিযানের তিন নভোচারীর একজন নীল আর্মস্ট্রং। এর কিছুপর চাঁদের বুকে দ্বিতীয় মানব হিসেবে পা রাখেন বাজ অলড্রিন।
আর তখন চাঁদের চারপাশের কক্ষপথে মূল মহাকাশযান কমান্ড মডিউল কলাম্বিয়া নিয়ে একা চক্কর দিচ্ছিলেন মাইকেল কলিন্স। এই তিন নভোচারী আট দিন মহাকাশে কাটিয়ে ২৪ জুলাই পৃথিবীতে ফিরে আসেন।
বার্তা বাজার/এসজে