কৃষকলীগ নেতা যখন ফেন্সিডিলের ফেরীওয়ালা!

মোটরসাইকেলে ঘুরে ঘুরে বিভিন্ন স্পটে ফেন্সিডিল বিক্রি করতেন রাজধানীর আগারগাঁও এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হওয়া শামসুদ্দিন আল আজাদ। ধরা পড়লেই নিজেকে পরিচয় দিতেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে।

তবে মঙ্গলবার (২৭ এপ্রিল) দিনগত রাতে আর পার পেয়ে যেতে পারেননি। ধরা পরেছেন পুলিশের হাতে।

গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে আগারগাঁও এলাকায় মোটরসাইকেল নিয়ে একজন ফেনসিডিল বিক্রি করছে। এরপর মঙ্গলবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে শামসুদ্দিন আল আজাদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁর মোটরসাইকেল ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় ফেনসিডিল কেনার অভিযোগেও একজনকে আটক করা হয়। পরে শামসুদ্দিন আল আজাদ-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হয়।

জানা যায়, এর আগেও তার বিরুদ্ধে ময়মনসিংহে দু’টি ও ঢাকায় একটি মাদক মামলা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিলো বলেও জানা গেছে।

এ বিষয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশী সংবাদমাধ্যমকে বলেন, গ্রেপ্তার ব্যক্তি একজন ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা। মাদক বহনের জন্য তার মোটরসাইকেলে রয়েছে গোপন চেম্বার। তার বিরুদ্ধে হত্যা ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বলে শুনেছি। তবে বর্তমানে কোনো পদে আছেন কি না জানা নেই।

শামসুদ্দিন আল আজাদের বিষয়ে কৃষকলীগের সভাপতি সমীর চন্দ বলেন, শামসুদ্দিন আল আজাদকে গ্রেপ্তারের বিষয়টি কোনো ফাঁদও হতে পারে। কারণ তিনি একজন নিবেদিতপ্রাণ কর্মী। দুঃসময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। তাকে গ্রেপ্তারের বিষয়ে শুনলেও বিস্তারিত জানা নেই।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর