গাজীপুরের শ্রীপুরে শ্রমিকলীগের ইউনিয়ন শাখা কার্যালয়ে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দিনগত রাতে উপজেলার এমসি বাজারে অবস্থিত তেলিহাটি ইউনিয়ন শাখা কার্যালয়ে এই ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন শ্রমিক লীগের ৪ নেতা।
হামলায় আহতরা হলেন- তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিক সরকার, আজিজুল হক, হাফিজ উদ্দিন সরকার ও জহিরুল ইসলাম।
এদের মধ্যে গুরুতর আহত শফিক সরকার ও জহিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
হামলায় আহতরা দাবি করেন, শ্রমিক লীগের অফিসের দখল নিতে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনায় ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিক সরকার বাদী হয়ে ছাত্রলীগে নেতা জাহাঙ্গীর সরকারসহ ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে শ্রমিকলীগ নেতা শফিক সরকার জানান, প্রায় ১৪ বছর যাবৎ উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জাতীয় শ্রমিক লীগ একটি কার্যালয় স্থাপন করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করত। সম্প্রতি এমসি বাজারের নতুন ইজারাদার গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকার মঙ্গলবার রাত ৮টায় শ্রমিক লীগের ওই অফিসটি দখলে নিতে লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় অফিসে ব্যাপক ভাংচুর করে অফিসে আজিজুল হক, হাফিজ উদ্দিন সরকারকে মারধর করে।
তিনি বলেন, ঘটনাস্থলে আসলে আমাকেও কুপিয়ে আহত করা হয়। এ সময় অভিযুক্তরা অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করার পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের ছবিও ভাংচুর করে। পাশাপাশি অফিসের সামনে থাকা শ্রমিক লীগের নাম সংবলিত সাইনবোর্ড মুছে ফেলে।
তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা জানান, কার্যালয়টি শ্রমিক লীগের নয়, এটা এমসি বাজারের ইজারাদারের অফিস। মঙ্গলবার রাতে এমসি বাজারের ইজারাদারের পক্ষে ওই কার্যালয়ে গেলে রফিকুল ইসলাম মোড়লের নেতৃত্বে আমার লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, হামলা, মারধর ও ভাংচুরের ঘটনায় পৃথক তিনটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার/এসজে