রাজধানীর ধানমন্ডি এলাকায় নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ঢাকা-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।
বুধবার (২৮ এপ্রিল) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সাড়ে ৫টায় জামিনের কাগজপত্র দেখিয়ে তিনি কারামুক্ত হয়েছেন।
উল্লেখ্য, নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধরের ঘটনায় করা মামলায় হাইকোর্ট গত ১৮ মার্চ ইরফান সেলিমের জামিন মঞ্জুর করে রায় দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেন। গত ২৮ মার্চ ইরফান সেলিমের জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার। এ সময় পরে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসবে বলে জানান আদালত। এরই ধারাবাহিকতায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি উত্থাপিত হলে আদালত ২৫ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।
এরই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল আপিল বিভাগে শুনানি হয়। সেখানেও হাইকোর্টের দেয়া ইরফান সেলিমের জামিন বহাল রাখা হয়। এতে তার কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা ছিল না।
বার্তাবাজার/ই.এইচ.এম