১২ কেজি গাঁজাসহ পুলিশ কর্মকর্তা আটক

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওছিম উদ্দিনকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। গত সোমবার (২৬ এপ্রিল) বিকেলে পাবনার পুলিশ সুপার তাকে আটক করেন। তবে বুধবার (২৮ এপ্রিল) বিকেলে বিষয়টি জানাজানি হয়।

আটককৃত এসআই ওছিম উদ্দিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানতে পারেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওছিমের নিকট গাঁজা রয়েছে। তিনি সোমবার বিকেলে সদর থানায় গিয়ে এসআই ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেট থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জিন্নাত আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়াও অভিযুক্ত এসআই ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ প্রধানের কঠোর নির্দেশনা নিয়েই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। অপরাধী সাধারণ মানুষ বা পুলিশ যেই হোক। বিচারের মুখোমুখি তাকে হতে হবে।

অসমর্থিত একটি সূত্র জানায়, কয়েকদিন আগে এসআই ওছিম অভিযান চালিয়ে ১৭ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। কিন্তু মাত্র ৫ কেজি গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গাঁজাগুলো অসৎ উদ্দেশ্যে রাখা হয়েছিল।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর