কেরানীগঞ্জে কুকুরের মাথা ও চামড়াসহ কসাই আটক

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের হাসনাবাদ এলাকা থেকে কুকুরের মাথা, নাড়িভুড়ি ও চামড়াসহ সুরুজ নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং থেকে তাকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটককৃত যুবক হাসনাবাদ হাউজিং কমিউনিটি সেন্টার রোডের হাজি জাহিদের বাড়িতে ভাড়া থাকতো এবং স্বপ্ন সপ এর বিপরীত পাশে জাকির মাংস বিতানে কাজ করতো।

তবে গত ১০/১৫ দিন যাবত তার চাকরি ছিলোনা বলে জানান জাকির মাংস বিতানের মালিক। তার গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায়। সে তিন মাস ধরে এ এলাকায় বসবাস করছিলো।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক প্রতিবেশি জানান, তার রুমে লাল রঙের একটি কুকুরের বাচ্চা দেখে তাকে জিজ্ঞাসা করলে সে এটা লালনপালনের জন্য এনেছে বলে জানায়। পরে আমার স্ত্রী তার রুমের রক্ত মুছতে দেখে। এ ব্যাপারে আমার স্ত্রীর সন্দেহ হলে সে আমাকে বলে, কসাই কিসের যেন রক্ত পরিস্কার করছে। পরে আমি আরও কয়েকজনকে নিয়ে তাকে জিজ্ঞাসা করি কুকুরের বাচ্চাটা কোথায়, সে বলে ছেড়ে দিয়েছি। তবে রক্ত দেখে সবার সন্দেহ হয় সে কুকুরটা জবাই করেছে।

প্রতিবেশি আরও বলেন, বহু জিজ্ঞাসাবাদ শেষে সে স্বীকার করে, কুকুরের বাচ্চা জবাই করে এক মহিলার কাছে বিক্রি করেছে। পরে পাশের এক ডাস্টবিন থেকে কুকুরের মাথা, নাড়িভুড়ি ও চামড়া উদ্ধার করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আরও এক ব্যক্তি জানান, আগে আমাদের আশেপাশে বহু কুকুরের বাচ্চা ছিলো। কিন্তু এসব অনেক কমে এসেছে। আমাদের ধারণা সে এগুলো জবাই করে বিক্রি করেছে। সে মাদকাসক্ত বলেও জানায় স্থানীয়রা

ঘটনার তদন্ত কর্মকর্তা এস আই সঞ্জয় মালু কসাইর সহযোগীকে আটকের খবরটি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমরা সুরুজ নামে এক মাদকাসক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জেনেছি, একটি কুকুরের বাচ্চা তার হাতে কামড় দিয়েছে, পরে রাগে সে কুকুরের বাচ্চাটিকে জবাই করে পাশের ডাস্টবিনে ফেলে দিয়েছে। তবে এ নিয়ে তদন্ত হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। আর কেউ যদি এ নিয়ে কোন অভিযোগ করে আমরা মামলা নিতে প্রস্তুত আছি।

রানা আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর