মুনিয়ার মৃত্যুতে কোনো মুক্তিযোদ্ধার সন্তান একটা মানববন্ধনও করেনি : ব্যারিস্টার সুমন

রাজধানীর গুলশানে মারা যাওয়া কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া একজন বীর মুক্তিযোদ্ধার সন্তার। তার এমন মৃত্যুতে অন্য বীর মুক্তিযোদ্ধার সন্তানরা কোনো প্রতিবাদ না জানানোতে ক্ষোভ প্রকাশ করেছেন যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক ও আলোচিত আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

বুধবার (২৮ এপ্রিল) বিকালে হাইকোর্ট চত্ত্বরে রেকর্ড করা এক ভিডিও বার্তায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

ব্যারিস্টার সুমন বলেন, মুনিয়া একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি আশ্চর্য হয়েছি মুনিয়া মারা যাওয়ার পরে একটা মানববন্ধন দেখিনি মুক্তিযোদ্ধার সন্তানদের। অথচ কোটার দাবিতে উনারা আন্দোলন করেন। সেটা যৌক্তিক আন্দোলন, করতেই পারে। কিন্তু মুনিয়ার পক্ষে একটা মানববন্ধন কাউকে করতে দেখিনি।

ভিডিওতে ব্যারিস্টার সুমন দেশের গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, আজকে মামুনুল সাহেবের বিরুদ্ধে যখন অভিযোগ ছিল, আপনারা নিয়ে এসেছেন। আনেন। কিন্তু বসুন্ধরার কথা বলেন না কেন? বসুন্ধরা নিয়ে এত ঝামেলা কেন?

তিনি নিজের সম্পর্কে বলেন, আজকে আমি একটা অপরাধ করলে আপনার ফলাও করে প্রচার করে বলবেন যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক অমুক অপরাধ করেছে, ব্যারিস্টার সুমন অমুক অপরাধ করেছে। কিন্তু বসুন্ধরাকে আপনারা এভাবে ছাড় দিচ্ছেন কেন?

তিনি বলেন, মুনিয়ার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটা হত্যা মামলা হওয়া উচিৎ ছিল। আত্মহত্যার প্ররোচনা নামে কোনো মামলা হতে পারে না। আমি বাবা-মা হারা এই মেয়েটির পাশে দাঁড়াতে চাই। আমার চেয়ে ভালো আইনজীবী না পেলে আমি এই মামলা লড়তে চাই।

উল্লেখ্য, সোমবার (২৬ এপ্রিল) গুলশানের একটি বাসা থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর