স্বাস্থ্যকর্মী পেলেন খালেদা জিয়ার স্নেহের পরশ, ভাইরাল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে (২৭ এপ্রিল) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ২ থেকে ৩ দিন তাকে হাসপাতালেই অবস্থান করতে হবে।
খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার পর তার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই সব ছবির মধ্যে একটি ছবি সবার নজর কাড়ে।
সেই ছবিতে দেখা যায়, হলুদ পোশাকে হুইল চেয়ারে বসে আছেন খালেদা জিয়া। তার পাশে হাঁটু গেঁড়ে বসে আছেন এভারকেয়ার হাসপাতালের স্বাস্থ্যকর্মী। ওই স্বাস্থ্যকর্মীর মাথায় পরম মমতায় হাত রেখে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছেন খালেদা জিয়া।
স্বাস্থ্যকর্মীর মাথায় খালেদা জিয়ার আশীর্বাদের ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছবির প্রতিক্রিয়ায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
বিএনপির ফেসবুক পেইজে ওই ছবিটা পোস্ট করা হয়। যার ক্যাপশনে লেখা হয়, মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী খালেদা জিয়া চেকআপের জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একজন স্বাস্থ্যকর্মীর ফটো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল কনটেন্ট হিসেবে আবির্ভূত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, চেয়ারপারসন খালেদা জিয়া সেই স্বাস্থ্যকর্মীর মাথায় হাত রেখে দোয়া করছেন।
এই পোস্টের কমেন্ট বক্সে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার মহানুভবতার প্রশংসা এবং নেত্রীর দ্রুত সুস্থতার জন্য অনেকে দোয়া করেছেন।
তায়েফ হাসনাত নামের একজন লিখেছেন, মানুষ দেশনেত্রীকে কতটা ভালোবাসে, এ ছবি তার প্রমাণ। ম্যাডাম করোনায় আক্রান্ত, তারপরও একজন নার্স উনার হাত মাথায় নিয়েছেন কোনো কিছুর তোয়াক্কা না করে।
পার্থ হালদার নামের একজন লিখেছেন, ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করছি। ভগবান দেশমাতাকে সুস্থ করে দাও।
আরও একজন লিখেছেন, এই ছবিটা দেখে আমার বার বার কান্না পাচ্ছে। একজন মানুষকে কতটা ভালোবাসলে তার করোনা হয়েছে জানার পরও তার হাত একটু মাথায় নিতে কুণ্ঠাবোধ করে না। আল্লাহ, তুমি এই দেশমাতৃকার মাকে সুস্থতা দান করো।
বার্তাবাজার/নব