বান্দরবানে সন্ত্রাসী আস্তানা ধ্বংস, বিপুল গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার
বান্দরবানে জেএসএস এর সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ এবং সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।
বুধবার (২৮ এপ্রিল) ভোররাতে জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং এলাকায় বান্দরবান সেনা জোনের অপারেশন দল এ অভিযান চালায়। এসময় সন্ত্রাসী আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৯মি:মি পিস্তল ১টি, ৪ রাউন্ড গুলিসহ ম্যাগজিন ১টি, একে- ৪৭ রাইফেল ম্যাগজিন ১টি, ৫.৫৬ মি:মি গুলি ১২৯ রাউন্ড, ৭.৬২ মি:মি গুলি ১২৫ রাউন্ড, একাধিক গুলির বাউন্ডলার, দেশীয় ধারালো অস্ত্র ৭টি, কমান্ডো চাকু, ওয়াকিটকি, জেএসএস সন্ত্রাসীদের ব্যবহৃত জলপাই রঙের একাধিক পোশাক, চাঁদা আদায়ের রশিদসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি।
এদিকে বান্দরবান সেনা জোন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা ও চাঁদা আদায়ের খবর পেয়ে সেনা বাহিনীর একটি অপারেশন দল রোয়াংছড়ি নোয়াপতং দুর্গম এলাকায় অভিযান চালায়।
ওই আস্তানা থেকে তারা দীর্ঘদিন যাবত চাদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করে যাচ্ছিল। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে গহীণ অরণ্যে পালিয়ে যায়। এসময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র. গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারের পর সন্ত্রাসীদের আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামকে দেশের মূল ভূখণ্ড বিচ্ছিন্ন করে স্বাধীন স্বায়ত্বশাসিত অঞ্চল প্রতিষ্ঠার চালিয়ে আসছে স্বাধীন জুম্ম সেনাবাহিনী নামে একটি গ্রুপ। তারা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে আসছিল।
এম. মিজানুর রহমান/বার্তাবাজার/পি