পাওনা টাকা চাওয়ায় বীর মুক্তিযোদ্ধাকে বেদম মারধর, অভিযুক্ত আটক
ফরিদপুরের মধুখালীতে পাওনা টাকা চাওয়ায় বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান (৬৮) মোল্যাকে পিটিয়ে আহত করেছে এলাকার টোপ পার্টির হোতা টোপ শাহিন। হামলায় গুরুতর আহত ওই মুক্তিযোদ্ধাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার(২৭ এপ্রিল) বিকেলে হামলাকারীদের বিচারের দাবীতে এলাকাবাসী ও বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এদিকে মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যার শারিরীক প্রতিবন্ধি ছেলে মোঃ খোকন মোল্যা (৪০) ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। খোকনের দোকান থেকে টোপ শাহিন নিয়মিত বাকী ও নগদ পন্য ক্রয় করতেন। গত সোমবার (২৬ এপ্রিল) বিকালে শাহিনের কাছে বাকী নেওয়া পাওনা টাকা চাইলে সে উত্তেজিত হয়ে দোকানের মালামাল ভাংচুর ও তছনছ করে। খোকন শারিরীক প্রতিবন্ধি হওয়ায় কোন প্রতিবাদ করতে পারেনি। দোকান ভাংচুরের সংবাদ পেয়ে বীরমুক্তিযাদ্ধা মুজিবর রহমান মোল্যা শাহিনের বাড়ীতে গিয়ে তাকে জিজ্ঞাসা করায় উত্তেজিত হয়ে বেদম মারধর করে। তার চিৎকারে বীরমুক্তিযোদ্ধার পরিবারের লোকজন তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তাদেরও মারধর করে।
বীরমুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যা গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মধুখালী থানা পুলিশ রাতেই ঘটনার প্রধান অভিযুক্ত আসামী টোপ শাহিনকে গ্রেপ্তার করে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করেছেন।
এদিকে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন বীরমুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যাকে হাসপাতালে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলমসহ বীরমুক্তিযোদ্ধাগণ।
আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শূন্য থেকে টোপের মাধ্যমে প্রতারণা করে আজ সে আলীসান বাড়ী থেকে কোটি কোটি টাকার মালিক। যে কারনে টাকার গরমে কােন কিছুই পরোয়া করে না। প্রশাসনের কাছে আমি টোপ শাহিনের সম্পদের হিসাব ও একজন বীরমুক্তিযোদ্ধার ওপর নরকীয় হামলার শাস্তি দাবি করছি।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত প্রধান আসামী টোপ শাহিনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি