টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১১ জনের কারাদণ্ড

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের এলেংজানী নদীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১১ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় র‌্যাব-১২ এর ৩ নম্বর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে মাটি কাটার প্রধান আসামি, উত্তর তাড়টিয়া এলাকার উজ্জ্বল মিয়াকে ৩ মাস, রায়হানকে ৭ দিন ও অন‌্য ৯ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে আসামিরা অবৈধভাবে মাটি কেটে আসছিলো। এই মাটি কাটার ফলে নদীর উপর ব্রিজ এবং নদীর উভয় কূলের বাড়ি- ঘর ও বিস্তীর্ণ এলাকা, নদী ভাঙনের হুমকিতে ছিলো। অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারায় ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নদীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর