ছেলেকে বাঁচাতে কিডনি দিতে চায় মা, কিন্তু নেই প্রতিস্থাপনের টাকা
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুমন কুমার দাশ। বয়স মাত্র ৩৫ বছর। দীর্ঘ ৭ বছর যাবত কিডনি রোগে আক্রান্ত তিনি। প্রাথমিক পর্যায়ে তাকে মাসে একবার ডায়ালিসিস করতে হতো। কিন্তু বর্তমান পর্যায়ে সপ্তাহে দুটি ডায়ালাইসিস করা প্রয়োজন হয়ে পড়েছে।
সুমন কুমার দাশের বাবা সন্তোষ দাশ একজন দিনমজুর। এলাকাভিত্তিক সামান্য কিছু সাহায্য সহযোগিতার মাধ্যমে তার দৈনন্দিন চিকিৎসা ও ডায়ালাইসিস কোন রকমে চলে আসছে। কিন্তু ডাক্তার বলেছ তাকে বাঁচাতে এখনই কিডনি প্রতিস্থাপন করতে হবে।
অসুস্থ সুমন কুমার দাশ জানান, ইতোমধ্যে তার মায়ের কিডনি তার সাথে ম্যাচিং হয়েছে। বেসরকারী ক্লিনিক গাজী মেডিকেল থেকে তিনি ডায়ালাইসিস করেন। প্রতিবার ডায়ালাইসিস করাতে ৩২ শ’ থেকে ৫ হাজার খরচ হয়। হতদরিদ্র বাবার পক্ষে সেই খরচ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এদিকে ছেলেকে সুস্থ করতে মা রীতা দাশ তার কিডনি দিতে চান। কিন্তু প্রতিস্থাপন করতে ও প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকা খরচ পড়বে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মা রীতা দাশ জানান, আমার কিডনি দেওয়ার জন্য সকল পরীক্ষা সম্পন্ন করেছি। কিন্তু কিডনি প্রতিস্থাপনের খরচ যোগাতে না পারায় ছেলেটি আমার ধুকে ধুকে আজ মৃত্যু পথযাত্রী।
কোন সহৃদয়বান ব্যক্তি, কোন দাতা সংস্থা বা সরকারিভাবে যদি এই অসহায় তরুণ ছেলেটির জন্য চিকিৎসার সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে বেঁচে যেতে পারে একটি তাজা প্রাণ। তাই পরিবারটির মুখে হাসি ফোটাতে সকলের সাহায্য কামনা করেছে এলাকাবাসী।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি