যেখানে পাওয়া যাবে সেখান থেকেই ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার

করোনার ভ্যাকসিন নিয়ে কারো সঙ্গে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণকে বাঁচাতে হলে যেখান থেকে পাওয়া যাবে সেখান থেকেই ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার।

বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাইকে অভিন্ন শত্রু করোনা মোকাবিলা করতে হবে। বর্তমানে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, শেখ জামাল বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি তারই অনন্য দৃষ্টান্ত। জন্মদিনে শপথ হোক বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্র্যাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে। হত্যার রাজনীতি কারো কাম্য নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ১৯৭৫ এর নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ছিলেন, তারাও কিন্তু রেহাই পায়নি। হত্যা হত্যাকেই ডেকে আনে। বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ড না হলে আরও একটি খুনি দল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেতো না। জিয়াউর রহমান নিজেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন। তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে।

তিনি বলেন, হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করুন। সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে কীভাবে সরিয়ে দেওয়া যায় সে ষড়যন্ত্র করছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর