গোপন বৈঠক থেকে শিবির নেতা আটক

লক্ষ্মীপুরের রামগতিতে থেকে তানজীদ নামে এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১টার দিকে আলেকজান্ডার কামিল মাদরাসার ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়।

আটককালে তার কাছ থেকে সংগঠনের কয়েকটি বই উদ্ধার করা হয়।

জানা যায়, তানজীদ রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের দেলোয়ার হোসেন সফিকের ছেলে।

আরো জানা যায়, তিনি রামগতি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও রায়পুর সাথী শাখার সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, নাশকতার ছক আকতে মাদরাসার ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালায় মাদরাসায়। এ সময় সংগঠনের কয়েকটি বইসহ শিবির নেতা তানজীদকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি বুঝে বাকিরা পালিয়ে যায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন বৈঠক চলাকালে শিবির নেতা তানজীদকে আটক করা হয়। অন্যরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান চালিয়ে যাব বাকিদের আটক করতে। আটকৃত শিবির নেতা তানজীদকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর