রিকশাচালকের স্ত্রীর শ্বাসকষ্টে অক্সিজেন নিয়ে এগিয়ে এলো পুলিশ সদস্যরা

রিকশাচালক খলিল মিয়ার স্ত্রী জুলেখা (৪০)। বেশ কয়েকবছর ধরেই ভুগছেন হৃদরোগে। কিন্তু মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে দ্রুত অক্সিজেন নেয়ার পরামর্শ দেন। চিকিৎসকের এমন পরামর্শে চোখেমুখে অন্ধকার দেখে গরীব রিকশাচালক খলিল মিয়া। কারণ একে তো নুন আনতে পানতা ফুরায়, তার ওপর করোনার এই দুর্যোগে উচ্চমূল্যের অক্সিজেন কীভাবে কিনবে তা নিয়ে চিন্তায় মাথায় হাত।

হঠাৎ মাথায় আসে কিছুদিন আগে লোকমুখে শুনেছেন থানা থেকে বিনামূল্যে অক্সিজেন দেয়া হয়। এভাবেই তিনি ফোন দেন চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশকে। সঙ্গে সঙ্গে রিকশাচালকের বাসাতেই বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেয় পুলিশ।

জানতে চাইলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা নগরের প্রত্যেক থানায় বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছি। আমাদের কাছে কেউ ফোন দিলেই আমরা নতুন অক্সিজেন সিলিন্ডার দিচ্ছি এবং সিলিন্ডার রিফিলও করে দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অক্সিজেনের জন্য থানায় এক রিকশাচালক ফোন দেন। এরপর আমরা সঙ্গে সঙ্গে একটি অক্সিজেন সিলিন্ডার তাদের বাড়িতে পৌঁছে দিই।’

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর