সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় অক্লান্তভাবে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসচ্ছল, সম্বলহীন ও নানাবিধ কারণে দেশের কোনো নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমরা ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ প্রণয়ন করেছি।

বুধবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবসকে কেন্দ্র করে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২১’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ দিবস উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি।

প্রধানমন্ত্রী বলেন. বর্তমান আওয়ামী লীগ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার ও সুবিচার নিশ্চিত করা। বঙ্গবন্ধু ১৯৭২ সালে সংবিধানে মানুষের মৌলিক অধিকার এবং সকল নাগরিকের আইনের সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত করেন। কিন্তু ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর দেশে আইনের শাসন ও মৌলিক মানবাধিকার নিশ্চিহ্ন হয়। ১৯৭৫ পরবর্তী বিএনপি-জামাত জোট সরকার হত্যা, খুন, নির্যাতন ও নিপীড়নের এক রাজত্ব তৈরি করেছিলেন। সুবিচারের পথ বন্ধ করে দেশের জনগণকে আইনগত সহায়তা এবং এর অধিকার থেকে বঞ্চিত হয়।

তিনি বলেন, অসচ্ছল, সম্বলহীন জনগণকে বিনা খরচে সরকাররের পক্ষ হতে আইনগত সহায়তা ও পরামর্শ দেয়া হচ্ছে। জেলা লিগ্যাল এইড অফিসসমূহ ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’র কেন্দ্রস্থল হিসেবে মামলার বাদী-বিবাদীর মধ্যে আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করছে, যা দেশের আদালতের উপর মামলার জট হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, করোনা সংকটের মধ্যেও সরকারের আইনগত সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থী জনগণকে ভার্চুয়ালি আইনি পরামর্শ প্রদান করা হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধশালী দেশে পরিণত করতে চাই। এজন্য সমাজে প্রতিটি ক্ষেত্রে আইনের শাসন নিশ্চিত করতে আমার অঙ্গীকারবদ্ধ।

আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সবার সম্মেলিত প্রচেষ্টার ফলে সমাজের সকল ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা সম্ভব। এবং জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলাও সম্ভব। আমি ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২১’-এর সার্বিক সাফল্য কামনা করছি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর