হেফাজতের তাণ্ডবের ঘটনায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদুল্লাহকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে শহরের পূর্ব তারপামা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
তিনি মাওলানা জামী কিশোরগঞ্জ শহরের সতাল দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ হেফাজত ইসলামের হরতালের দিন কিশোরগঞ্জে নাশকতা ও সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
হেফাজতের ঢাকা হরতালের দিন কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে তাণ্ডব চালানোর অভিযোগ ও সরকার দলীয় অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটনায়, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন খান মোল্লা বাদী হয়ে ১ এপ্রিল ১৪ জনের নাম উল্লেখ একটি মামলা দায়ের করেন। সে মামলায় হেফাজতের এ নেতাকে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, হেফাজতের তাণ্ডবে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ২৭ এপ্রিল পর্যন্ত এসব মামলায় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জন এজহারভুক্ত।
বার্তাবাজার/ই.এইচ.এম