ময়মনসিংহের ধোবাউড়ায় কৃষকদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রী ঘোষিত আউষ প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রণোদনার তালিকায় নেই প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের নাম। ইউপি সদস্য নিজ ও তাদের স্বজনদের নাম অর্ন্তভুক্ত করে প্রণোদনা বিতরণ কার্যক্রম চলছে। এতে সুবিধাবঞ্চিত হচ্ছেন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা।
কৃষকদের অভিযোগ, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ইউপি মেম্বারের যোগসাজশে প্রান্তিক কৃষকের নাম না দিয়ে প্রণোদনার মাল বিক্রি করে দেওয়া হচ্ছে। মাস্টার রোল দেখা যায় সদর ইউনিয়নের ৪ ইউপি সদস্যের নাম। সম্প্রতি গত ২০ এপ্রিল ৭২ জন কৃষকের বীজ ও ৩৬ জন কৃষকের সার পাচারের সময় স্থানীয়রা আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে।
এই ঘটনার পর প্রণোদনা বিতরণ স্থগিত করা হয়। বিষয়টি তদন্তে একটি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এরশাদুল হক জানান, হাজার হাজার কৃষকের তালিকা কিন্তু কারা প্রান্তিক কৃষক কার্ডে তা উল্লেখ নেই, এ বিষয়ে কৃষি অফিস ব্যবস্থা গ্রহণ করতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার বার্তাবাজারকে জানান, তালিকায় কিছু অসংগতি রয়েছে,তালিকা প্রণোয়ন করেন ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান বার্তাবাজারকে জানান, সার পাচারের বিষয়টি তদন্ত চলছে।এদিকে ৫ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার প্রণোদনা বিতরণ শুরু হয়েছে।
আনিসুর রহমান/বার্তাবাজর/ভিএস