করোনা মোকাবেলায় সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান সংকটের পরিস্থিতি বিবেচনায় দল মত নির্বিশেষে সবাইকে করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, মহামারি করোনারকালে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
কাদের বলেন, বিএনপি নির্বাচনে যেমন ব্যর্থ হয়েছে তেমনই আন্দোলনেও ব্যর্থ। আর দেশে এখন এমন কোনো পরিস্থিতি নেই যে আন্দোলন করতে হবে। দায়িত্বশীল বিরোধীদল হিসেবেও বিএনপি ব্যর্থ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে সাধারন জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা পেলে অনেকেই জনগণ ও দেশের জন্য কোনো কাজ করে না। তাদের বিষয়টি বেমালুম ভুলে যান। কিন্তু শেরেবাংলা ও বঙ্গবন্ধু ছিলেন তাদের থেকে ব্যতিক্রম। তাদের কেই অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।
বার্তাবাজার/ই.এইচ.এম