করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করবে চীন

চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল উয়েই ফেঙ্গহি বলেছেন, মহামারি করোনা মোকাবেলায় বাংলাদেশকে সার্বিক সহযোগিতা দিতে আগ্রহী চীন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সফররত চীনের প্রতিরক্ষা মন্ত্রী এ আগ্রহের কথা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক সম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সামরিক উন্নয়নে সকল ধরণের সহযোগীতা অব্যাহত রাখবে চীন। এছাড়া রোহিঙ্গা সংকট উত্তরণের জন্য চীন বলিষ্ঠ্যভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

বঙ্গভবনে চীনের প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের উন্নয়নে চীনের ভূমিকা গুরত্বপূর্ণ। বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন খাতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্টের ভিডিও বার্তার কথা উল্লেখ করে দেশের জনগণের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান।

চীনের সঙ্গে মিয়ানমারের সুসম্পর্ক বজায় থাকায় আবদুল হামিদ তাকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন।

চীনের কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি চীনের প্রেসিডেন্ট এবং সে দেশের জনগণকে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লেফটেনেন্ট জেনারেল ওয়াকার উজ জামান, রাষ্ট্রপতির কার্যালয় সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দীন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খানসহ আরো অনেকেই।

বার্তাবাজার/ই.এইচ.ইম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর