দেশের অক্সিজেন চাহিদা অন্য দেশের উপর নির্ভরশীল না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের অক্সিজেন ব্যবস্থাপনা অন্য কোনো দেশের উপর নির্ভর করে না জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই মুহূর্তে দেশে কোনো অক্সিজেনের সংকট নেই।

মঙ্গলবার ২৭ (এপ্রিল) মহাখালীর বিসিপিএস প্রাঙ্গনে ‘কভিড-১৯, দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও জনসচেতনতা’ শীর্ষক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে দেশে দৈনিক অক্সিজেনের চাহিদা এক থেকে দেড় শ টন মাত্র। এই চাহিদা দ্বিগুণ হলেও দেশে অক্সিজেনের সংকট হবে না। তবে, রোগী সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেলে তখন ভিন্ন চিত্র দেখা দিতে পারে। এজন্য রোগী যাতে না বাড়ে সেজন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, বছরজুড়ে অন্য কোন দেশ হতে আমাদের অক্সিজেন আমদানি করার প্রয়োজন পড়েনি। করোনাকালীন সময়ে ভারত থেকে কিছু অক্সিজেন আমদানি করা হয়েছিল। কিন্তু ভারত এখন কঠিন সময় পাড় করছে। এই সংকটে ভারত অক্সিজেন সরবরাহ বন্ধ করলেও আমাদের হতাশ হবার কিছুই নেই। তাছাড়া লিকুইড অক্সিজেনের তুলনায় গ্যাস অক্সিজেনের উৎপাদনে আমাদের সক্ষমতা অনেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন প্রতিদিন আড়াই শ টন গ্যাস অক্সিজেন উৎপাদন করা সম্ভব হচ্ছে। লিকুইড অক্সিজেন দেড় থেকে দুই শ টন উৎপাদন করা হচ্ছে। এদিকে দেশের বেসরকারি মেডিক্যাল খাতেও ৪০-৫০ টন অক্সিজেন উৎপাদন সক্ষমতা রয়েছে। প্রয়োজনে সেগুলো ব্যবহার করা যাবে।

তিনি বলেন, করোনার টিকা দিতে ভারত বিলম্ব করায় সরকার বসে নেই। সরকার রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলির সাথে কুটনৈতিক সম্পর্ক জোরালোভাবে চালিয়ে যাচ্ছে। আশা করা যায় খুব শিগগিরই আমরা টিকা পাব।

সাংবাদিকদের ব্রিফিংকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর