এবার জরুরি সেবার আওতাভুক্ত করা হলো সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা বিতরণ কার্যক্রমসমূহকে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবা ও ভাতা বিতরণ কার্যক্রম জরুরি সেবার আওতাভুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়। এবং এই কার্যক্রম বাস্তবায়নে মাঠ প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রেরিত চিঠিতে বলা হয়, চলমান কঠোর লকডাউন ও বিধিনিষেধকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রদত্ত সেবা (বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তিসমূহ জিটুপি পদ্ধতিতে সরাসরি উপকারভোগীদের নিকট পাঠানো ইত্যাদি) হিসাব খোলাসহ বিভিন্ন কার্যক্রমে স্বাস্থ্যবিধি অনুসরণ করা প্রয়োজন। এমতাবস্থায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে ডিসিদের।
করোনা ভাইরাসের উর্ধ্বগতি রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে সরকার আরোপিত জনগণের পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয়। ৮ দিনের কঠোর লকডাউনের মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে।
তবে করোনা ভাইরাস সংক্রমণের উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম