দেশে করোনার চেয়েও ১২ গুন বেশি মৃত্যু হয়েছে তামাকের জন্য

করোনায় সংক্রমিত হয়ে দেশে যত মানুষ মারা গেছে তার চেয়ে ১২ গুন বেশি মানুষ তামাকের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। পাশাপাশি করোনায় যে পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছেন তার চেয়েও বেশি মানুষ তামাকের কারণে পঙ্গুত্ব বরণ করেছেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) তামাকবিরোধী সংগঠন প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) যৌথ উদ্যোগে ‘তামাক-কর ও দাম সংক্রান্ত বাজেট প্রস্তাব’ শীর্ষক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে মৃত্যুবরণকারী মানুষের সংখ্যা ১১ হাজার ১৫০ জন। আর আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জন। অথচ ২০১৮ সালের পরিসংখ্যান বিবেচনায় তামাকের প্রভাবে দেশে ১ লাখ ২৮ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন। এছাড়া পঙ্গুত্ববরণ করেছেন কয়েক লাখ মানুষ।

তথ্য মতে, বর্তমানে দেশে প্রায় ৪ কোটি মানুষ তামাক ব্যবহার করেন। যারা সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছেন। তামাক ও করোনাভাইরাসের তুলনামূলক বিচারে করোনাভাইরাসের চেয়ে তামাকের ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি।

প্রগতির জন্য জ্ঞান জানায়, বিশ্বের যে দশটি দেশে সবচেয়ে বেশি ধূমপায়ী বাস করেন তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এখনও বাংলাদেশে তিন কোটি ৭৮ লাখ প্রাপ্ত বয়স্ক মানুষ (৩৫ দশমিক ৩ শতাংশ) তামাক ব্যবহার করছেন। যার মধ্যে এক কোটি ৫০ লাখ মানুষ (১৪ শতাংশ) সিগারেট ব্যবহার করেন।

অনুষ্ঠানে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন প্রজ্ঞার হেড অব টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম হাসান শাহরিয়ার। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় তামাকবিরোধী মঞ্চের আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর