ব্রাহ্মণবাড়িয়ায় কেজি দরে তরমুজ বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় কেজি দরে তরমুজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের ফলের দোকানগুলোতে জেলা প্রশাসনের ভ্রাম্যামাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পিস হিসেবে কিনে আনা তরমুজ সাধারণ ক্রেতাদের কাছে কেজি দরে বিক্রি করার খবরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন রশিদের নেতৃত্বে ফলের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এ সময় শহরের আনন্দবাজার ও কুমারশীল মোড় এলাকায় দুটি ফলের দোকানে পিসের বদলে কেজি হিসেবে তরমুজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন রশিদ বলেন, খুচরা ব্যবসায়ীরা আড়ৎ থেকে পিস হিসেবে তরমুজ কিনে আনলেও সাধারণ ক্রেতাদের কাছে কেজি দরে বিক্রি করছেন। এতে করে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দুইজনকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর